১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

অবিশ্বাস্য সাফল্য! ট্যালেন্টপুলে একসঙ্গে বৃত্তি পেল তিন যমজ বোন

spot_img

কুড়িগ্রাম প্রতিনিধি :
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে কুড়িগ্রামের তিন যমজ বোন। সোমবার প্রকাশিত ফলাফলে তাদের এ সাফল্য জেলায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
মেধাবী তিন বোন হলেন—তাবিয়া রহমান, তাহিয়া রহমান ও তাকিয়া রহমান। তারা কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ধরনিবাড়ী ইউনিয়নের মুন্সিবাড়ি বাজার এলাকার উকিলপাড়া গ্রামের বাসিন্দা। তাদের বাবা কুড়িগ্রাম জেলা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট তারিকুর রহমান তারিক এবং মা শাহিনা আক্তার।
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয় থেকে এবং তাবিয়া রহমান অর্জুনডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশগ্রহণ করে। প্রকাশিত ফলাফলে তিনজনই ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে বিরল সাফল্যের নজির গড়েছে।
বর্তমানে তাহিয়া ও তাকিয়া কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়ন করছে। তাবিয়া রহমান একই শ্রেণিতে কুড়িগ্রাম বর্ডার গার্ড স্কুলে পড়াশোনা করছে।
কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গোলেনুর বেগম বলেন, “তাহিয়া ও তাকিয়া অত্যন্ত মেধাবী, বিনয়ী ও ভদ্র। তারা সবসময় পড়াশোনায় মনোযোগী। তাদের এ অর্জনে আমরা গর্বিত।”
তিন কন্যার সাফল্যে আনন্দ প্রকাশ করে তাদের বাবা অ্যাডভোকেট তারিকুর রহমান তারিক বলেন, “ছোটবেলা থেকেই ওরা পড়াশোনায় মনোযোগী। শিক্ষকদের পরামর্শ মেনে নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করেছে। এই সাফল্যের পেছনে শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। সবার কাছে তাদের জন্য দোয়া চাই।”
একসঙ্গে তিন যমজ বোনের ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনের এই ঘটনা কুড়িগ্রামবাসীর জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে। তাদের এ সাফল্য অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ