
কুড়িগ্রামের হলোখানা ইউনিয়নে ফ্রেন্ডশিপ প্রতিবন্ধী ব্যক্তি অন্তর্ভুক্তিমূলক প্রকল্প’র এডভোকেসি সভা
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের হলোখানা ইউনিয়নে ফ্রেন্ডশিপ প্রতিবন্ধী ব্যক্তি অন্তর্ভুক্তিমূলক প্রকল্প’র এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ জুন) সকালে বে-সরকারি উন্নয়ন সহযোগী সংস্থা- “ফ্রেন্ডশিপ” কুড়িগ্রাম’র আয়োজনে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রতিবন্ধী ব্যক্তির সুযোগ-সুবিধা প্রাপ্তি এবং সমাজ ভিত্তিক পুনর্বাসন নিশ্চিতে এই এডভোকেসি সভা করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলোখানা ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম। এবং প্যানেল চেয়ারম্যান গোলজার হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
এসময় স্বাগত বক্তব্য প্রদান করেন মোঃ আব্দুস সালাম আঞ্চলিক সমন্বয়কারী, ফ্রেন্ডশিপ কুড়িগ্রাম। “ফ্রেন্ডশিপ প্রতিবন্ধী ব্যক্তি অন্তর্ভুক্তিমূলক প্রকল্প” এর চলমান কার্যক্রম বিশেষভাবে তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক মোঃ সেলিম রেজা। তিনি বলেন- অন্যান্য সেবামূলক কাজের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তির পরিচয়, সমাজভিত্তিক পূনর্বাসন, গুণগত জীবন বিনির্মাণ একই সাথে সম-অধিকার, মর্যাদা, অবাধ ও নির্বিঘ্ন চলাচল এবং সুযোগের সমতা নিশ্চিতকল্পে “ফ্রেন্ডশিপ প্রতিবন্ধী ব্যক্তি অন্তর্ভুক্তিমূলক প্রকল্পের মাধমে কুড়িগ্রাম জেলার ৩০ টি (সদর-১৪ টি, ও চিলমারী-১৬ টি) এবং গাইবান্ধা জেলার ২০ টি চরে সম্প্রতি বিশেষ সেবা কার্যক্রম চালু করেছে। এবং ৩ হাজারের বেশী প্রতিবন্ধী ব্যক্তি এই সেবার আওতাভুক্ত রয়েছে।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রতিবন্ধী ব্যক্তি, পরিচর্যাকারী, সমাজভিত্তিক পুনর্বাসন কর্মী ও কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
চরের মানুষ অবহেলিত, যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার কারণে তারা সহজে প্রয়োজনীয় সেবা নিতে পারে না, “ফ্রেন্ডশিপ” তাদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে, সেজন্য অতিথিগণ “ফ্রেন্ডশিপ” কে ধন্যবাদ জানান এবং প্রধান অতিথি চরের সকল প্রতিবন্ধী ব্যক্তির সার্বিক সুযোগ-সুবিধা প্রাপ্তি নিশ্চিত করণে ও অন্যান্য সকল ক্ষেত্রে “ফ্রেন্ডশিপ” কে সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।




