
বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আগামীকাল সোমবার (২০ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ উজ্জ্বল হোসেনের বরাত দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো সফরসূচিতে জানানো হয়েছে, সোমবার বেলা ১১টায় বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন ঘোষণা করা হবে।
জানা যায়, ২০০৬ সালে তৎকালীন সরকারের আমলে বগুড়া পৌরসভার চারপাশের ৪৮টি মৌজা অন্তর্ভুক্ত করে এর আয়তন ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটারে উন্নীত করা হয়। সে সময় ১২টি ওয়ার্ড থেকে ২১টি ওয়ার্ডে সম্প্রসারিত হলেও প্রশাসনিক জটিলতায় সিটি করপোরেশনে রূপান্তর বাস্তবায়িত হয়নি।
পরবর্তী সময়ে বিভিন্ন সময় রাজনৈতিক ও প্রশাসনিক পর্যায়ে বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার দাবি ওঠে। তবে তা বাস্তবায়ন হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বগুড়ার তৎকালীন জেলা প্রশাসক হোসনা আফরোজা এ বিষয়ে প্রস্তাব দেন। এরপর স্থানীয় বাসিন্দাদের মতামত গ্রহণসহ প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়।
এরই ধারাবাহিকতায় গত ২০ অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে বগুড়া সিটি করপোরেশন বিষয়ে অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং চলতি বছরের মধ্যে ঘোষণা দেওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছিল। পরে প্রশাসনিক বিভিন্ন ধাপে বিষয়টি চূড়ান্ত অনুমোদনের দিকে অগ্রসর হয়।
সর্বশেষ মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ইমতিয়াজ মোরশেদ স্বাক্ষরিত নোটিশে জানা যায়, প্রাক-নিকার (প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি) সচিব কমিটির সভায় বগুড়া সিটি করপোরেশন উন্নীতকরণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
এদিকে দীর্ঘদিনের প্রত্যাশিত এই সিদ্ধান্তে বগুড়াবাসীর মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ বিরাজ করছে। তারা মনে করছেন, সিটি করপোরেশন ঘোষণার মাধ্যমে বগুড়ার নগর উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।




