
ফরহাদ আহমেদ, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
এ বছর বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় নাম লিখিয়েছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তরিকুল ইসলাম।
Elsevier এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি কর্তৃক পরিচালিত সাম্প্রতিক সমীক্ষায় বৈশ্বিক গবেষকদের শীর্ষ 2% বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়েছেন এই শিক্ষক।
Elsevier এবং স্ট্যানফোর্ড প্রতি বছর সারা বিশ্বের নানা প্রান্তের গবেষকদের উপর জরিপ পরিচালনা করে শীর্ষ ২% বিজ্ঞানীদের একটি তালিকা প্রকাশ করে থাকেন। এই তালিকায় স্থান পাওয়া যে কোন গবেষকের জন্যই অত্যন্ত সম্মানের এবং গৌরবের। তার এই অর্জনে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা উচ্ছাস প্রকাশ করেছেন।
বিশ্বসেরা ২% গবেষকদের মধ্যে স্থান করে নেওয়া নিয়ে বশেমুরবিপ্রবির সহোযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন “এটি শুধু আমার একার নয়, আমার সহকর্মী, শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় এবং দেশের অবদান। আমি শিক্ষার্থীদের ক্রেডিটটাই সবচেয়ে বেশি দিবো।গবেষণায় ওরা(শিক্ষার্থীরা) অনেক ডেডিকেটেড ছিল। আর গবেষণা করে ভালো কিছু অর্জন করা শুধুমাত্র বিশ্ববিদ্যালয় নয় আমাদের দেশের জন্যও সুনাম অর্জন।
এছাড়াও তিনি বলেন,গবেষক হওয়ার চেয়ে, ভালো মানুষ বেশি হতে হবে। গবেষক হওয়ার চেয়ে গবেষণা প্রতিষ্ঠান তৈরিতে বেশি মনোযোগ দিতে হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সঙ্কটের কথা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, “আমাদের পর্যাপ্ত ল্যাব নেই,এটা ওটা নষ্ট এরপরও আমরা আমাদের গবেষণা কার্যক্রম চালিয়ে গিয়েছি। শিক্ষার্থীদের বেশি বেশি গবেষণায় কাজে লাগাতে হবে। ওদের (শিক্ষার্থীদের) অনেক আইডিয়া আছে সে আইডিয়াগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। শুধুমাত্র শিক্ষকরা গবেষণা করবে বিষয়টা এমন নয়।”




