
ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধুনটের প্রধান সড়কে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা মডেল মসজিদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি হাফেজ সানাউল্লাহ। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মীর আরিফ হোসেন ও ধুনট প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল আলম।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা কমিটির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি, ধুনট মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক শিব্বির আহমেদ, কোষাধ্যক্ষ শাহেব আলীসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষিকারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকদের যথাযথ মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে। শিক্ষকদের কল্যাণে শুধু প্রকল্পভিত্তিক উদ্যোগ নয়, প্রয়োজন স্থায়ী সমাধান। তাঁদের ন্যায্য মর্যাদা ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এ বিষয়ে সরকারের কার্যকর সহযোগিতা কামনা করেন বক্তারা।




