
ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে ৩ গ্রাম হেরোইনসহ বুলবুলি খাতুন (৪৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার বুলবুলি খাতুন ধুনট সদর ইউনিয়নের চালাপাড়া গ্রামের মৃত সিরাজ মন্ডলের স্ত্রী। পুলিশ জানায়, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ধুনট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার কাছ থেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুলবুলি খাতুন এর আগেও একাধিকবার মাদকসহ গ্রেপ্তার হয়েছেন। গত ২৩ সেপ্টেম্বর হেরোইন বিক্রির সময় গ্রেপ্তার হলে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের কারাদণ্ড দেন। এছাড়া ২০২৩ সালের ১১ সেপ্টেম্বর ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার হয়েছিলেন তিনি। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বুলবুলি খাতুনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




