
ফ্যামিলি কার্ড কর্মসূচিতে প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবার নির্বাচন নিশ্চিত করতে একাধিকবার তদন্ত, তথ্য যাচাই ও গণশুনানির ব্যবস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে উপকারভোগী নির্বাচন ও অর্থ বিতরণে স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটির সভাপতি মো. শাহজাহান এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনসহ কমিটির সদস্যরা অংশ নেন।
বৈঠকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও এর অধীন অধিদপ্তর এবং সংস্থাগুলোর সার্বিক কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় মন্ত্রণালয়ের চলমান প্রকল্প ও কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি, ফ্যামিলি কার্ড কর্মসূচি, সামাজিক নিরাপত্তা কার্যক্রম, প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ ও পুনর্বাসন এবং এতিম ও অসহায় শিশুদের সুরক্ষার বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে মন্ত্রণালয়ের আওতাধীন চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়মিত পর্যালোচনার নির্দেশনা দেওয়া হয়। যেসব প্রকল্প বাস্তবায়নে পিছিয়ে রয়েছে, সেগুলোর কাজ দ্রুত এগিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়।
ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে আলোচনায় প্রকৃত উপকারভোগী শনাক্ত করার বিষয়টি গুরুত্ব পায়। উপকারভোগী নির্বাচন, তথ্য যাচাই এবং অর্থ বিতরণের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখার সিদ্ধান্ত হয়। প্রয়োজনে প্রকৃত উপকারভোগী নিশ্চিত করতে একাধিকবার তদন্ত ও যাচাই এবং গণশুনানির ব্যবস্থা রয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে জানানো হয়।
এছাড়া, সমাজসেবা অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কার্যক্রম নিয়মিত পরিদর্শন করতে মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে কমিটি। সেবা দেওয়ায় কোনো ধরনের অনিয়ম বা অব্যবস্থাপনা দেখা গেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়। মাঠপর্যায়ের কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী ও সংসদ সদস্যদের অবহিত করার সুপারিশও করা হয়।
কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণের জন্য মন্ত্রণালয়ের মনিটরিং ব্যবস্থা চালুর সিদ্ধান্ত হয়। পাশাপাশি বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরকে নির্দিষ্ট সময়সীমাসহ কর্মপরিকল্পনা প্রণয়ন করতে বলা হয়। পরবর্তী বৈঠকে এসব সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করতে হবে।
বৈঠকের শুরুতে কমিটির প্রথম বৈঠকের সিদ্ধান্ত কার্যকর ও বাস্তবায়ন করায় মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানো হয়। পরে কমিটির মাধ্যমে মন্ত্রণালয়ের কার্যক্রম সচল ও গতিশীল করার ক্ষেত্রে সহযোগিতার জন্য সদস্যদের ধন্যবাদ জানান কমিটির সভাপতি।
বৈঠকে কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম, মোহাম্মদ সালমান ওমর, আরিফা সুলতানা, নিপুন রায় চৌধুরী, মো. মুজিবুর রহমান, মো. মাজেদুর রহমান এবং মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়া, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।




