
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সংসদ সদস্যের সহধর্মিণী উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে মোশারফ হোসেন বগুড়ার দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনার বিষয়টি তুলে ধরে জেলার সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। বিশেষ করে কাহালু ও নন্দীগ্রামসহ জেলার অবকাঠামোগত উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় তিনি বলেন, দীর্ঘ ১৯ বছর ধরে বগুড়ার উন্নয়ন প্রত্যাশিত মাত্রায় এগোয়নি। এ অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণে উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। অবকাঠামো উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতাও কামনা করেন তিনি।
সাক্ষাতে দেশের সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও জনগণের কল্যাণে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেন সংসদ সদস্য। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন মোশারফ হোসেন। দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
কাহালু-নন্দীগ্রামের মানুষের প্রত্যাশা পূরণ এবং বগুড়ার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সংসদ সদস্য বলেন, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।




