
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ার শাজাহানপুরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ শুরু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি শুরু করা হয়। অভিযানের সময় বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসের বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাইফুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিক ইকবাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান বিদ্যুৎসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়।
সংশ্লিষ্টরা বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।




