
সুনামগঞ্জ প্রতিনিধি
সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানের ফাঁসি’র দাবি করেছে সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার বিকেলে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশন থেকে বের হয় বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা এই দাবী জানান।
বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়। এসময় ‘খুনি মান্নানের ফাঁসি চাই’, ‘ধর ধর লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট-বোমা’, ‘খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ সহ নানা স্লোগান দেন ছাত্রদলের নেতা কর্মীরা।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির মুখপাত্র কামরুল হাসান রাজু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, ছাত্রদল সভাপতি জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এসময় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল সহ বিএনপির অঙ্গ ও সহযোগিী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১১ টায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের মুক্তির দাবিতে সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে শান্তিগঞ্জ এলাকায় বিক্ষোভ মিছিল হয়। শান্তিগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী’র ব্যানারে ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ করে। এসময় পথচারী সাধারণ মানুষকেও তাদের সঙ্গে যোগ দিতে দেখা যায়।
গেল চার আগস্টে ছাত্র-জনতার মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের হামলার ঘটনায় গুলিবিদ্ধ আহত দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের জহুর আলীর ভাই হাফিজ আহমদ বাদী হয়ে দুই সেপ্টেম্বর ৯৯ জনের নামোল্লেখ করে ২০০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। এই মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট এক নম্বর ও এমএ মান্নানকে দুই নম্বর আসামী করা হয়েছে। গেল বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় শান্তিগঞ্জের বাসভবন থেকে পুলিশ এমএ মান্নানকে আটক করে। শুক্রবার সকাল সোয়া দশটায় সুনামগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ফারহান সাদিকের আদালতে এমএ মান্নানকে হাজির করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।




