
জয়পুরহাটে পিএমকে’র ফ্রি স্বাস্থ্য ক্যাম্প: সেবা পেলেন ৫ শতাধিক মানুষ
জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-এর জয়পুরহাট শাখার উদ্যোগে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) পিএমকে’র জয়পুরহাট শাখা কার্যালয়ে এ স্বাস্থ্য সেবা ও চিকিৎসা সামগ্রী প্রদান কার্যক্রমের আয়োজন করা হয়। আয়োজনে এলাকার প্রায় ৫ শতাধিক সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন পিএমকে’র সহকারী প্রোগ্রাম ম্যানেজার মোঃ মাহমুদুল হাসান।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “পল্লী মঙ্গল কর্মসূচি দীর্ঘদিন ধরে দেশের প্রান্তিক এলাকায় শিক্ষা, স্বাস্থ্যসেবা, ক্ষুদ্রঋণ ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে আমাদের এ ধরনের জনকল্যাণমূলক চেষ্টা অব্যাহত থাকবে।”
আয়োজক সূত্রে জানা যায়, দিনব্যাপী এ ক্যাম্পে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়। চিকিৎসা সেবা নিতে আসা নারী ও পুরুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। সেবাগ্রহীতারা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং নিয়মিত এমন আয়োজন করার অনুরোধ জানান।
দিনব্যাপী রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন—
- ডাক্তার মোঃ সানোয়ার হোসেন
- ডাক্তার মিনহাজুল ইসলাম
- ডাক্তার রনি
- ডাক্তার নিলুফা ইয়াসমিন
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিএমকে’র জয়পুরহাট শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মিনহাজুর রহমান, আইটি অফিসার মোঃ মাসুম বিল্লাহ এবং জোনাল হিসাবরক্ষক মোঃ আশরাফুল ইসলামসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পিএমকে’র ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সর্বাঙ্গীন আর্থসামাজিক উন্নয়ন করাই তাদের প্রধান লক্ষ্য। ভবিষ্যতে এ ধরনের সেবা মূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।




