
বগুড়ায় হাবিবুর রহমান খোকন (৩৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে শহরের সেউজগাড়ী ইসকন মন্দির সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত যুবক শহরের মালতিনগর দক্ষিণপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হাসান বাসির।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, রাত সাড়ে আটটার দিকে ইসকন মন্দিরের সামনে হঠাৎ চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে যান। তারা দেখেন, অন্ধকারে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে খোকনের ওপর হামলা চালাচ্ছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ছাড়া ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। জড়িতদের শনাক্তে অভিযান চলছে।




