
মহিউদ্দিন:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বগুড়া-৬ আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। দলের শীর্ষ দুই নেতার প্রার্থীতা ঘোষণায় সোমবার বিকেল থেকে বগুড়াজুড়ে আনন্দে মেতে ওঠে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘোষণার পরপরই বগুড়ায় জেলা বিএনপির উদ্যোগে এক আনন্দ মিছিল বের হয়।
সোমবার রাত ৮টার দিকে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের সাতমাথা এলাকা প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে নেতা-কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
সমাবেশে রেজাউল করিম বাদশা বলেন, বগুড়ার মানুষের জন্য এটি এক খুশির সংবাদ। এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তারেক রহমানকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছি। তিনি বগুড়াবাসীর কাছে দোয়া ও ভোট চেয়েছেন।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে বগুড়াবাসী সর্বোচ্চ ভোটে খালেদা জিয়া ও তারেক রহমানকে বিজয়ী করবে। আমরা বিশ্বাস করি, তারেক রহমান জাতীয় নেতৃত্বে এসে ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবেন।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান হওয়ায় বগুড়া বরাবরই বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। খালেদা জিয়া ১৯৯১ সাল থেকে এ জেলার দুটি আসনে (বগুড়া-৬ ও ৭) একাধিকবার নির্বাচিত হয়েছেন এবং কখনো পরাজিত হননি। এবারের নির্বাচনে মা-ছেলের প্রার্থীতা ঘিরে জেলা জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।




