
বগুড়ার শাজাহানপুরে নিখোঁজের তিন দিন পর শাহাদত আলী (৫০) নামে এক সিএনজি চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর সোনারপাড়া এলাকার নিজ বাসা থেকে তার পচনধরা লাশ উদ্ধার করা হয়।
নিহত শাহাদত আলী ওই এলাকার চৌকিদার শাজাহান ওরফে জাম্মুর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে একাই ওই বাড়িতে বসবাস করতেন। গত শনিবার (১৮ অক্টোবর) সর্বশেষ তাকে ঘরে প্রবেশ করতে দেখা যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
মঙ্গলবার (২১ অক্টোবর )বিকেলে ঘর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতর থেকে লাশ উদ্ধার করে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শাহাদত আলীর মৃত্যু তিন দিন আগেই হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




