
বগুড়ার শাজাহানপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চাইমনক্য চাকমা (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রবিবার (১৯ এপ্রিল) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার সুলতানগঞ্জ বনানী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ সময় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (রেজি: ঢাকা মেট্রো-ব-১৫-১৭৬০) D-1 সিটে বসা অবস্থায় তার দেহ তল্লাশি করে ৩২০০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত চাইমনক্য চাকমা কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার কাঞ্চুপাড়া, হরিকুলা গ্রামের উবায়ং চাকমার ছেলে।
এ ঘটনায় শাজাহানপুর থানায় উপ-পরিদর্শক মো. তাহিদুল আলম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, এ চালানের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত চলছে। সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।




