
মো. আব্দুল হান্নান:
সারা দেশে আহত জুলাই যোদ্ধাদের সুসংগঠিত করা ও পুনর্বাসনের লক্ষ্যে ৭১ সদস্য বিশিষ্ট “আমরা জুলাই যোদ্ধা” বগুড়া জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোঃ জুলফিকার আলমকে আহ্বায়ক এবং মোঃ শাহাদাত হোসেনকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে ২০২৬) বিকাল ৫:০০ ঘটিকায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক মোঃ আমিনুল ইসলাম ইমন ও সদস্য সচিব মোঃ আল মিরাজ আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত নেতৃবৃন্দের হাতে কমিটির অনুমোদনপত্র হস্তান্তর করেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কমিটি হস্তান্তরের পর নবনির্বাচিত আহ্বায়ক মোঃ জুলফিকার আলম তাঁর বক্তব্যে বলেন: “আহত জুলাই যোদ্ধাদের অধিকার আদায়, উন্নত চিকিৎসা সহায়তা ও যথাযথ পুনর্বাসনের লক্ষ্যে সংগঠনটি দেশব্যাপী নিরলস কাজ করে যাচ্ছে। বগুড়া জেলা কমিটি গঠনের মাধ্যমে ভবিষ্যতে সংগঠনের এই কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আমি বিশ্বাস করি।”
সদস্য সচিব মোঃ শাহাদাত হোসেন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন: আহত জুলাই যোদ্ধাদের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করার সুযোগ পেয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আমি কৃতজ্ঞ। সকল জুলাই যোদ্ধাকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা একটি মানবিক ও শক্তিশালী সংগঠন গড়ে তুলব।
সংগঠনের নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক মোঃ মাহমুদুল হাসান তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন: “জুলাই যোদ্ধাদের সেবার ব্রত নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। আমি যেন সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে পারি, সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, বগুড়া জেলার সকল আহত যোদ্ধাদের তালিকাভুক্ত করা, তাদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং সামাজিক ও অর্থনৈতিকভাবে পুনর্বাসিত করাই হবে এই কমিটির প্রধান লক্ষ্য। কেন্দ্রীয় নির্দেশনায় দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ সাংগঠনিক কার্যক্রম শুরু করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।




