
বগুড়ার শাজাহানপুর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা এসআই (উপ-পরিদর্শক) মোঃ মইনুল ইসলাম আহত হয়েছেন।
গতমঙ্গলবার (৯ জুন) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বনানী ও ফুলতলা এলাকার মাঝামাঝি পেপসি কোম্পানির সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মামলার তদন্ত শেষে শাজাহানপুর থানা থেকে কৈগাড়ী পুলিশ ফাঁড়িতে ফেরার পথে এসআই মইনুল ইসলামের গতিরোধ করে কয়েকজন দুর্বৃত্ত। এ সময় তারা তার কাছে থাকা মামলার গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ছুরিকাঘাতে এসআই মইনুল ইসলামের ডান পায়ের হাঁটুর নিচে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয় এক অটোরিকশাচালক তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।
কৈগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মোঃ সুফিয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত এসআই মইনুল ইসলাম বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
শাজাহানপুর থানার (ওসি) আশিক ইকবাল বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। কী কারণে এসআই মইনুল ইসলামের ওপর হামলা চালানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।




