
বগুড়া শাজাহানপুরে খাল থেকে দুই দিন আগে নিখোঁজ হওয়া এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৫ আগষ্ট) উপজেলার কচুয়াদহ রঙ্গিলাঘাট এলাকায় নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জাহিদুল ইসলাম (৪৫) উপজেলার জালশুকা মধ্যপাড়া এলাকার মৃত আলর আজগরের ছেলে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নদীতে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আশিক ইকবাল জানান, নিহতের ছেলে রিয়াদের ভাষ্য অনুযায়ী, জাহিদুল ইসলাম গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন। প্রায় দুই বছর আগে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর থেকে তিনি অনেকটা মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।




