
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতারের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এ সদস্যকে গুলশান থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অবিভক্ত ঢাকা সিটির মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরের দফায় মেয়র নির্বাচনে দলের মনোনয়ন পাননি। দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।
জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৩ ডিসেম্বর সাঈদ খোকন ও তার পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।




