
নওগাঁয় কারা হেফাজতে জাকির হোসেন নবাব (৫৮) নামে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার ( ৩নভেম্বর) দুপুরের দিকে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বিষয়টি এদিন দেড়টার দিকে মুঠোফোনে নিশ্চিত করেন নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত ডাক্তার। তবে তিনি তার নাম বলতে অনীহা জানিয়ে বলেন, জাকির হোসেন নবাব সাড়ে ১১টা থেকে ১২ টার মধ্যে মারা গিয়েছে। এবং তাকে সংকটাপন্ন অবস্থায় আনা হয়েছিল। আর কি কারণে মৃত্যু হয়েছে সেটা এখন বলা যাবে না বলে ফোনের সংযোগ কেটে দেন তিনি।
জানা যায়, গত বছরের ২০ জুন সকালে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে বিস্ফোরক ও সহিংসতা মামলায় নওগাঁ কারাগারে আটক ছিলেন তিনি। হঠাৎ অসুস্থতাবোধ করলে কারাগার থেকে সদর হাসপাতালে নেওয়া হয় তাকে।
নিহত জাকির হোসেন নবাব বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি ছিলেন বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।
নওগাঁ জেলা কারাগারের সুপার রতনা রায় বলেন, আমিও শুনছি জাকির হোসেন নওগাঁ সদর হাসপাতালে মারা গেছেন। তবে হাসপাতাল থেকে অফিসিয়াল ভাবে কোনো কাগজ পাওয়া বা জানা যায় নি।
তিনি আরও বলেন, এদিন সকালে জাকির হোসেন অসুস্থতাবোধ করলে, তাকে সঙ্গে সঙ্গে সদর হাসপাতালে পাঠানো হয়। আর জাকির হোসেন নবাব কারাগারে বিস্ফোরক মামলায় আটক ছিলেন।




