
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (শাজাহানপুর–গাবতলী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় মনোনয়ন ফরম পেয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি, বগুড়া জেলা জামায়াতের সাবেক আমীর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য গোলাম রব্বানী।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষরিত দলীয় মনোনয়ন ফরম জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার আনুষ্ঠানিকভাবে নির্বাচন পরিচালনা কমিটির কাছে হস্তান্তর করেন।
এ সময় এমপি প্রার্থী গোলাম রব্বানীর পক্ষে মনোনয়ন ফরম গ্রহণ করেন বগুড়া-৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক ও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার। এ ছাড়াও উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা ইউনুছ আলী, গাবতলী উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওয়াদুদ এবং শাজাহানপুর উপজেলা জামায়াতের সাবেক আমীর ও জেলা ইউনিট সদস্য আব্দুল লতিফ বাবু।
এ সময় নেতৃবৃন্দ বলেন, দেশের চলমান সংকট থেকে উত্তরণে ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা অপরিহার্য। জনগণের জানমাল ও অধিকার রক্ষায় জামায়াতে ইসলামী ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। তারা আশা প্রকাশ করেন, গোলাম রব্বানীর নেতৃত্বে বগুড়া-৭ আসনে জনগণ একটি ইতিবাচক ও জনকল্যাণমূলক পরিবর্তনের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে।




