
আজ (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতিবছরের মতো বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি পালিত হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য— ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলা’।
দিবসটি উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং বিশেষ অতিথি হিসেবে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
কর্মসূচি অনুযায়ী সকাল ৯টায় অফিসার্স ক্লাব থেকে তথ্য ভবন কমপ্লেক্স পর্যন্ত র্যালি অনুষ্ঠিত হবে। এরপর সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউজ রোডে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এছাড়া গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকেও দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশের ভিত্তিতে ১৯৯৩ সালে জাতিসংঘ ৩ মে-কে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।
দিবসটির লক্ষ্য হলো গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার বিষয়গুলো তুলে ধরা। একইসঙ্গে স্বাধীন সাংবাদিকতার মৌলিক নীতিমালা রক্ষা, গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিরোধ এবং দায়িত্ব পালনকালে প্রাণ হারানো সাংবাদিকদের স্মরণ করা হয় এ দিনে।
বাংলাদেশেও দিবসটি উপলক্ষে স্বাধীন সাংবাদিকতার অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।




