
দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় লন্ডনে নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে প্রথমবারের মতো রাজধানী ঢাকার বাইরে কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আগামী ১১ জানুয়ারি তিনি সকাল ৯ টায় গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাড়ি থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা করবেন। টাঙ্গাইল পৌঁছে তিনি দুপুর ১টায় সন্তোষে উপমহাদেশের বিখ্যাত গণমানুষের মজলুম নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন। ভাসানীর মাজার জিয়ারত শেষে তারেক রহমান বেলা তিনটায় যমুনার পশ্চিম পাড়ে সিরাজগঞ্জে যাত্রা বিরতি নেবেন। সেখান থেকে রাতে বগুড়া পৌঁছে শহরের আলতাফুন্নেসা বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল শেষে রাত যাপন করবেন তিনি।
পরদিন ১২ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় বগুড়া থেকে রওনা হয়ে বেলা ২টায় রংপুরের পীরগঞ্জে জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন। সেখান থেকে তারেক যাবেন দিনাজপুরে। দিনাজপুরে তার নানী মরহুমা তৈয়বা মজুমদারের কবর জিয়ারত করবেন তারেক রহমান। পাশাপাশি আত্মীয় স্বজনের খোঁজ খবর নেবেন এবং দিনাজপুরে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করবেন। রাত ১১টায় দিনাজপুর থেকে রওনা হয়ে রাত ১টায় ঠাকুরগাঁও পৌঁছাবেন। সেখানে রাত যাপন করবেন।




