
ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে ১০ লাখ টাকা যৌতুক দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে আল মামুন (৩৮) নামে এক পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) দুপুরে তাকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার বিকেলে উপজেলার গোসাইবাড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আল মামুন ধুনট উপজেলার পূর্ব গুয়াডহরী গ্রামের আনুন সরকারের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, প্রায় নয় বছর আগে পূর্ব গুয়াডহরী গ্রামের নুরুল ইসলামের মেয়ে বিথী খাতুনের সঙ্গে আল মামুনের বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে স্ত্রীর কাছে যৌতুক দাবি করতেন আল মামুন। কয়েক দফায় যৌতুক দেওয়ার পরও তিনি আরও ১০ লাখ টাকা দাবি করেন। তবে বিথী খাতুনের বাবার আর্থিক সামর্থ্য না থাকায় ওই টাকা দিতে অপারগতা প্রকাশ করেন।
অভিযোগ রয়েছে, যৌতুকের টাকা দিতে না পারায় প্রায় তিন মাস আগে বিথী খাতুনকে দুই সন্তানসহ স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
পরে গত ২৫ জুলাই সকালে বিথী খাতুন স্বামীর বাড়িতে গেলে তার কাছে আবারও ১০ লাখ টাকা যৌতুক দাবি করা হয়। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বামী আল মামুন, শাশুড়িসহ পরিবারের কয়েকজন সদস্য তার ওপর হামলা চালিয়ে মারধর করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ সময় বিথী খাতুনকে রক্ষা করতে এগিয়ে এলে তার সৎ মা ও বড় বোনকেও মারধর করা হয়। এতে বিথী খাতুনসহ তিনজন আহত হন।
এ ঘটনায় বিথী খাতুন বাদী হয়ে স্বামী আল মামুনসহ পাঁচজনের বিরুদ্ধে ধুনট থানায় যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে আল মামুনকে গ্রেপ্তার করে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মামলার পর অভিযান চালিয়ে আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।




