
বগুড়ার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা একাধিক আবাসিক হোটেল ও মোটেলকে ঘিরে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে।
অভিযোগ রয়েছে, শহরের ঐতিহাসিক মহাস্থান এলাকা থেকে শুরু করে শহরতলীর মাটিডালি বিমান মোড় হয়ে উত্তরদিকে তিনমাথা রেলগেইট পর্যন্ত বিস্তৃত এলাকায় নতুন-পুরাতন মিলিয়ে অন্তত ১৩টি আবাসিক হোটেল ও চাইনিজ রেস্টুরেন্ট-কাম-হোটেলে নিয়মিতভাবে অনৈতিক কার্যকলাপ পরিচালিত হচ্ছে।
স্থানীয়দের দাবি, এসব প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো—হোটেল অবকাশ, হোটেল গোধুলি, হোটেল ড্রিম প্যালেস ও হোটেল গোধুলি-২। দীর্ঘদিন ধরে এসব স্থানে এ ধরনের কার্যক্রম চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, এসব হোটেলে সন্দেহজনক ব্যক্তিদের যাতায়াত বেড়েছে, যা এলাকার সামাজিক পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।




