
সিলিন্ডার গ্যাসের সংকট ও অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে বগুড়ার শাজাহানপুর ও সদর উপজেলার বিভিন্ন গ্যাস বিক্রয়কেন্দ্রে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (৩ জানুয়ারি) দিনব্যাপী এই অভিযানে গ্যাস বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোতে সিলিন্ডার গ্যাসের ক্রয়-বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ, সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি হচ্ছে কিনা—এসব বিষয় তদারকি করা হয়।
তদারকিকালে শাজাহানপুর উপজেলার আগুড়া এলাকার আবির আরাফাত স্টোরের স্বত্বাধিকারী মোহাম্মদ আশরাফুলকে ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শহরের তিনমাথা এলাকার বগুড়া সিলিন্ডার এক্সচেঞ্জ পয়েন্টের স্বত্বাধিকারী মো. রফিকুল ইসলামকে ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করা এবং সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সিলিন্ডার গ্যাস বিক্রির অপরাধে ১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট সকল ব্যবসা প্রতিষ্ঠানকে সরকার নির্ধারিত আইন ও বিধি-বিধান যথাযথভাবে মেনে চলার নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় অভিযানে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর জেলা সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া এবং জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন।




