
আজ মহান বিজয় দিবস। প্রতি বছর ১৬ ডিসেম্বর বাংলাদেশিদের জীবনে আসে এক ভিন্ন বার্তা আর এক অবিস্মরণীয় অনুভূতি নিয়ে। এই দিনটি আমাদের জাতীয় জীবনে মহান বিজয় দিবস হিসেবে চিরভাস্বর। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম আর আত্মত্যাগের মধ্য দিয়ে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মানচিত্রে একটি নতুন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ।
১৯৭১ সালে ৯ মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানি দখলদার বাহিনীর কবল থেকে দেশ মুক্ত হওয়ার এই দিনটিকে মঙ্গলবার জাতি বিজয় দিবস হিসেবে উদযাপন করবে।
একাত্তরের ২৬ মার্চ থেকে শুরু হওয়া মুক্তির সংগ্রাম ছিল মূলত একটি নিরস্ত্র জাতির টিকে থাকার লড়াই, গণতন্ত্র ও আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ। পাকিস্তানি সামরিক জান্তার শোষণ, নিপীড়ন এবং বঞ্চনার প্রতিবাদে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। হাজার হাজার মুক্তিযোদ্ধা, কৃষক, শ্রমিক, ছাত্র-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন।
বিজয় অর্জনের এই পথ মোটেই মসৃণ ছিল না। দীর্ঘ নয় মাস ধরে চলা যুদ্ধে প্রায় ৩০ লক্ষ মানুষ শহীদ হন এবং সম্ভ্রম হারান লক্ষ লক্ষ মা-বোন। অসংখ্য ঘর-বাড়ি, জনপদ ধ্বংস হয়েছিল। এই যুদ্ধ ছিল একদিকে যেমন চরম বর্বরতার সাক্ষী, তেমনি অন্যদিকে বাঙালি জাতির সর্বোচ্চ আত্মত্যাগের মহাকাব্য। মুক্তিযোদ্ধা এবং সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টা, অদম্য সাহস আর আত্মদানের ফলেই চূড়ান্ত বিজয় সম্ভব হয়েছিল।
অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর, ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি যৌথ বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। এই আত্মসমর্পণের দলিল স্বাক্ষরের মাধ্যমে পৃথিবীর বুকে অভ্যুদয় ঘটে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের।
বিজয় দিবস কেবল একটি ক্যালেন্ডারবদ্ধ তারিখ নয়; এটি বাঙালি জাতির অস্তিত্বের প্রতীক, আত্মমর্যাদার স্মারক। এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয়, আমাদের স্বাধীনতা কোটি মানুষের রক্তের বিনিময়ে কেনা। তাই এই দিনে জাতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করে সকল শহীদ, মুক্তিযোদ্ধা এবং আত্মদানকারী বীরদের। পাশাপাশি ১৬ ডিসেম্বর নতুন প্রজন্মের কাছে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার শপথ নেয়ার দিন। বিজয় দিবস যুদ্ধবিধ্বস্ত দেশকে সোনার বাংলায় রূপান্তরের প্রত্যয়কে আরও দৃঢ় করে।
প্রতি বছর ১৬ ডিসেম্বর বাংলাদেশের মানুষ সাড়ম্বরে দিনটি উদযাপন করে। জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালিত হয়। রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে সব স্তরের মানুষ এই উৎসবে অংশ নেয়।
মহান বিজয় দিবস বাঙালি জাতির জীবনে চিরন্তন অনুপ্রেরণার উৎস। এই দিনটি আমাদের বারবার মনে করিয়ে দেয়- ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তিই একটি জাতিকে দাবিয়ে রাখতে পারে না। স্বাধীনতা অর্জন যত কঠিন ছিল, তার চেয়েও কঠিন হলো স্বাধীনতার চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।
এবারের বিজয় দিবস উদযাপিত হবে যেভাবে
বাংলাদেশ বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হওয়ার মুহূর্তকে স্মরণ করে প্রতিবারের মতো এবারও বিজয় দিবস উদযাপন শুরু হবে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে। বিজয় দিবস উপলক্ষ্যে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদ স্মৃতিস্তম্ভে প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং এরপর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধারা সেখানে পুষ্পস্তবক অর্পণ করবেন।
এছাড়াও, বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকরা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, সর্বস্তরের মানুষ মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
এ উপলক্ষ্যে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং মিশনে জাতীয় পতাকা উত্তোলন এবং গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনায় আলোকসজ্জা করা হবে। ঢাকা এবং দেশের বিভিন্ন শহরের প্রধান সড়ক ও সড়ক দ্বীপগুলো ইতোমধ্যেই জাতীয় পতাকাসহ ব্যানার, ফেস্টুন এবং রঙিন পতাকা দিয়ে সজ্জিত করা হয়েছে।






