
রবিবার (১৪ জুন) জেলা প্রশাসক তৌফিকুর রহমানের স্বাক্ষরিত গেজেট বিজ্ঞপ্তিতে নতুন ইউনিয়ন গঠন ও পুনর্গঠনের বিষয়টি প্রকাশ করা হয়। গেজেট অনুযায়ী, নবগঠিত মোকামতলা উপজেলায় ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নামে দুটি ইউনিয়ন গঠন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘সীমান্ত’ নামটি প্রতিমন্ত্রীর বড় ছেলে মীর শাকরুল আলম সীমান্তের নামের সঙ্গে মিল রেখে এবং ‘দিগন্ত’ নামটি ছোট ছেলে মীর সাকলাইন আলম দিগন্তের নাম অনুসারে রাখা হয়েছে। একই সঙ্গে শিবগঞ্জ উপজেলায় প্রতিমন্ত্রীর পৈতৃক বাড়ির নাম অনুসারে ‘মীরবাড়ি’ নামে আরও একটি নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে।
মোকামতলা উপজেলায় তিন নতুন ইউনিয়ন
প্রশাসনিক কাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে মোকামতলা উপজেলায় স্বর্ণগ্রাম, সীমান্ত ও দিগন্ত নামে তিনটি নতুন ইউনিয়ন পরিষদ গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। পাশাপাশি মোকামতলা পৌরসভা প্রতিষ্ঠার কার্যক্রমও শেষ পর্যায়ে রয়েছে। পৌরসভা অনুমোদন কার্যকর হলে নতুন উপজেলা আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে পরিচালিত হবে।
গেজেট অনুযায়ী, ময়দানহাট্টা ইউনিয়নের একটি অংশ নিয়ে গঠিত হয়েছে স্বর্ণগ্রাম ইউনিয়ন। ১৭টি মৌজা নিয়ে গঠিত এ ইউনিয়নের জনসংখ্যা ১৮ হাজার ৯৩৪ জন।
অন্যদিকে, সৈয়দপুর ইউনিয়নের অংশবিশেষ নিয়ে সীমান্ত ইউনিয়ন গঠন করা হয়েছে। ১১টি মৌজা নিয়ে গঠিত এই ইউনিয়নে বসবাস করছেন ১৬ হাজার ২৬৭ জন মানুষ।
এছাড়া দেউলী ইউনিয়নের কয়েকটি এলাকা নিয়ে দিগন্ত ইউনিয়ন গঠন করা হয়েছে। আটটি মৌজা নিয়ে গঠিত এ ইউনিয়নের জনসংখ্যা ১৭ হাজার ৭৫৯ জন।
পুরোনো ইউনিয়নগুলোরও পুনর্গঠন
নতুন ইউনিয়ন গঠনের ফলে অবশিষ্ট মৌজাগুলো নিয়ে ময়দানহাট্টা, দেউলী, সৈয়দপুর, মোকামতলা ও শিবগঞ্জ ইউনিয়নের সীমানা ও কাঠামো পুনর্নির্ধারণ করা হয়েছে।
পুনর্গঠনের পর ময়দানহাট্টা ইউনিয়নের জনসংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৬৭ জন। দেউলী ইউনিয়নে ১৪ হাজার ৩৬০ জন, সৈয়দপুর ইউনিয়নে ১৭ হাজার ৪৭৪ জন, মোকামতলা ইউনিয়নে ১৬ হাজার ৪ জন এবং শিবগঞ্জ ইউনিয়নে ২৬ হাজার ৩০৪ জন মানুষের বসবাস নির্ধারণ করা হয়েছে।
শিবগঞ্জে ‘মীরবাড়ি’ ইউনিয়ন
শিবগঞ্জ উপজেলায় নতুন করে ‘মীরবাড়ি’ ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে। স্থানীয়ভাবে পরিচিত মীর শাহে আলমের পারিবারিক বাড়ির নাম থেকেই ইউনিয়নটির নামকরণ করা হয়েছে বলে জানা গেছে
তিনটি বিদ্যমান ইউনিয়নের অংশ নিয়ে গঠিত নতুন এই ইউনিয়নে মোট ১৫টি মৌজা অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব মৌজার মধ্যে রয়েছে ফেনীগ্রাম, সৈয়দপুর, চন্দনপুর, দোপাড়া, তেয়াইল, গোরনা, ধামাহার, বাদলদিঘী, বেতগাড়ি, রামকান্দি, চকগোপাল, ডাবুর, চককানু, হরিপুর ও গোপিনাথপুর।
আরও পাঁচ ইউনিয়নের সীমানা পুনর্নির্ধারণ
শিবগঞ্জ পৌরসভার সম্প্রসারণ এবং নতুন ইউনিয়ন গঠনের কারণে বিহার, রায়নগর, বুড়িগঞ্জ, কিচক ও আটমুল ইউনিয়নও পুনর্গঠিত হয়েছে। এর মধ্যে বিহার ইউনিয়নকে নতুনভাবে সাজানো হয়েছে ১০টি মৌজা নিয়ে। পুনর্গঠনের পর এ ইউনিয়নের জনসংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ২১ জন।
জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেছেন, নতুন ইউনিয়ন গঠন ও বিদ্যমান ইউনিয়নগুলোর পুনর্গঠনের মাধ্যমে স্থানীয় প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর হবে। একই সঙ্গে জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া সহজ হবে এবং স্থানীয় পর্যায়ে প্রশাসনিক ব্যবস্থাপনা আরও গতিশীল হবে।




