
বগুড়া শহরে নকল ব্র্যান্ডের পণ্য তৈরি ও অনলাইন পেইজের মাধ্যমে প্রতারণার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২৪ মে) গোপন সংবাদের ভিত্তিতে শহরের কলোনী বাজার এলাকার লতিফপুরে মন্ডল হাউজের তৃতীয় তলায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, ফিরোজ কবির নামে এক ব্যক্তি কোনো ধরনের সরকারি বা প্রাতিষ্ঠানিক অনুমোদন ছাড়াই ‘ভরসা বাজার’, ‘নর্থ ফুড’ ও ‘আশ-শিফা’ নামে তিনটি অনলাইন পেইজ পরিচালনা করছেন। এসব পেইজের মাধ্যমে বিভিন্ন ধরনের ক্রিম, কসমেটিকস, আয়ুর্বেদিক ওষুধ, লিপবামসহ নানা পণ্য তৈরি ও বিক্রি করা হচ্ছিল।
এ সময় জনপ্রিয় ‘আশ-শিফা’ ব্র্যান্ডের ব্যথানাশক তেলের আদলে ‘আশ-শিফা প্লাস’ নামে নকল পণ্য তৈরি ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটির বিএসটিআই কিংবা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কোনো অনুমোদন বা নিবন্ধন ছিল না।
অভিযোগ রয়েছে, স্থানীয় বাজার থেকে বিভিন্ন ক্রিম সংগ্রহ করে নিজস্ব লেবেল লাগিয়ে সেগুলো অথেনটিক পণ্য হিসেবে বিক্রি করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল।
এসব অপরাধের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা নকল ‘আশ-শিফা’ ব্র্যান্ডের তেল ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। ভবিষ্যতে প্রয়োজনীয় সরকারি অনুমোদন নিয়ে ব্যবসা পরিচালনার নির্দেশনাও দেওয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান। এ সময় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া উপস্থিত ছিলেন।
অভিযানে সহযোগিতা করে র্যাব-১২ ও জেলা পুলিশের দুটি টিম।




