
বগুড়ার শাজাহানপুর উপজেলার বিভিন্ন হাট-বাজার ও বন্দরে অনুমতিহীনভাবে বোতলে ভরে খোলাবাজারে জ্বালানি তেল বিক্রির নামে অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ উঠেছে। সরকারি নির্ধারিত দামের চেয়ে প্রতি লিটারে ১৫ থেকে ৩০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভোক্তারা। এ নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে।
জানা গেছে, বর্তমানে ভোক্তা পর্যায়ে পেট্রোল প্রতি লিটার ১৪০ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং ডিজেল ১১৫ টাকায় বিক্রি হচ্ছে। অথচ উপজেলার দুবলাগাড়ী, শাহনাহার, দরিকুল্ল্যা, মাদলা, জালশুকা, ডেমাজানী, কামাড়পাড়া, গোবিন্দপুর, নগরহাটসহ বিভিন্ন বাজার ও বন্দরে বোতলজাত পেট্রোল ১৬০ টাকা, অকটেন ১৭০ থেকে ১৭৫ টাকা এবং ডিজেলও সরকারি দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
মোটরসাইকেল চালক আব্দুর রাজ্জাক সংবাদ বুলেটিনকে বলেন, সব সময় পেট্রোল পাম্পে যাওয়ার সুযোগ হয় না। তাই বাধ্য হয়ে খোলাবাজার থেকে বেশি দামে তেল কিনতে হয়। সরকারিভাবে নিয়মিত মনিটরিং করলে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে জ্বালানি তেল কিনতে পারবে।
তবে অভিযোগ অস্বীকার করে কামাড়পাড়া ভোলাবাড়ী স্ট্যান্ডের এক খুচরা বিক্রেতা নাম প্রকাশ না করার শর্তে সংবাদ বুলেটিনকে বলেন, প্রতি লিটার তেল আনতে পরিবহন ব্যয় হয়। বোতলে এক লিটারের কিছু বেশি তেল দেওয়া হয়। সব খরচ বাদ দিলে খুব সামান্য লাভ থাকে।
এ বিষয়ে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাইফুর রহমান সংবাদ বুলেটিনকে বলেন, খোলাবাজারে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির বিষয়টি আমার জানা ছিল না। অভিযোগের সত্যতা যাচাই করে খুব শিগগিরই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




