১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ধুনটে ৯৪ মোবাইল চুরির ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের ৮ সদস্য রিমান্ডে

spot_img

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট পৌর শহরের ইছামতী ডিজিটাল কমপ্লেক্স মার্কেটের একটি মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনায় গ্রেফতার আন্তঃজেলা চোরচক্রের আট সদস্যকে ৪৮ ঘণ্টার রিমান্ডে নিয়েছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ৯৪টি অ্যান্ড্রয়েড মুঠোফোন উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪টার দিকে ধুনট থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ওসমান গনি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার দুপুরে গ্রেফতার আট আসামিকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে বগুড়ার আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাদের ৪৮ ঘণ্টার রিমান্ড মঞ্জুর করেন। পরে তাদের ধুনট থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন—চট্টগ্রাম শহরের আল আমিন (৩০), আক্কাস আলী (৩৫) ও হৃদয় (৩৪), নরসিংদীর ইমরান (৩০), ব্রাহ্মণবাড়িয়ার ইয়াছিন আরাফাত (৩৮) এবং কুমিল্লার রবিউল ইসলাম (৩৩), আলা উদ্দিন (২৫) ও ইস্রাফিল রহমান (২৭)।

পুলিশ জানায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোলপ্লাজা এলাকায় ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ৯৪টি মুঠোফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা।

মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ইছামতী ডিজিটাল কমপ্লেক্স মার্কেটের প্রথম তলায় অবস্থিত মাসুদ টেলিকম বন্ধ করে বাড়ি যান দোকানের মালিক মাসুদ রানা। বুধবার সকাল ৮টার দিকে দোকানের শাটারের তালা ভেঙে চোরেরা ভেতরে ঢুকে গ্যালারিতে সাজিয়ে রাখা ৯৪টি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে যায়।
মার্কেটের নৈশপ্রহরী সুলতান হোসেন ডিউটি শেষে বাড়ি যাওয়ার পর ভুলে ফেলে যাওয়া একটি জিনিস নিতে সকাল সোয়া ৮টার দিকে আবার মার্কেটে আসেন। এ সময় তিনি পিঠে ব্যাগ ঝোলানো ৮ থেকে ১০ জনকে মার্কেট থেকে বের হতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে ভেতরে গিয়ে মাসুদ টেলিকমের শাটারের তালা ভাঙা দেখতে পান। পরে দোকানমালিককে খবর দেওয়া হলে চুরির বিষয়টি জানাজানি হয়।

চুরির খবর পেয়ে ধুনট থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পরে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ এবং প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে, চোরচক্রটি ধুনট থেকে শেরপুর বাসস্ট্যান্ডে গিয়ে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে ওঠে।

এরপর ধুনট থানার পুলিশ বাসটির পিছু নেয় এবং সিরাজগঞ্জ জেলা পুলিশ ও যমুনা সেতু পশ্চিম থানা-পুলিশকে বিষয়টি জানায়। পরে সকাল সোয়া ১০টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোলপ্লাজা এলাকায় বাসটিতে তল্লাশি চালিয়ে আটজনকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে তাদের কাছ থেকে চুরি যাওয়া ৯৪টি মুঠোফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় দোকানমালিক মাসুদ রানা বাদী হয়ে ধুনট থানায় মামলা করেছেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। তারা বিভিন্ন জেলা থেকে এসে চুরি করে দ্রুত অন্যত্র চলে যায়। এ ঘটনায় স্থানীয় কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ