
ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া-৫ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ (জিএম সিরাজ) বলেছেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তারেক রহমানই হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি শহিদ পিতার আদর্শ ধারণ করে ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার ন্যায় দেশ ও মানুষের কল্যাণে আপোষহীন নীতিতে রাষ্ট্র পরিচালনা করবেন।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের কাতলাহার বাজারসহ ৯টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত নির্বাচনী গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জিএম সিরাজ বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির মাধ্যমে নারী, শিশু, শ্রমজীবী, কৃষক ও সব শ্রেণি-পেশার মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করে বৈষম্যমুক্ত, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার ও গণতন্ত্র থেকে বঞ্চিত। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীককে বিজয়ী করার বিকল্প নেই। এ জন্য দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।
নির্বাচনী পথসভায় আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রব্বানী ও সাবেক সদস্য গোলাম মাহবুব প্যারিস। বক্তারা বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতেই বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে এবং জনগণের সমর্থনেই ধানের শীষ বিজয়ী হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা রফিকুল ইসলাম শাহীন, আকতার আলম সেলিম, মোখফিজুর রহমান বাচ্চু, অ্যাডভোকেট রেজানুর ইসলাম খান রেজা, আজাহার আলী পাইকার, আলেক উদ্দিন, ফজল-এ-খুদা তুহিন, শফিকুল ইসলাম, মহসীন আলী, আব্দুস সালাম, বনিজার রহমান বাটুলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ ছাড়া যুবদল নেতা জহিরুল ইসলাম বিপ্লব, মনিবুর রহমান, এমানুর ইসলাম, মোস্তাফিজার এবং ছাত্রদল নেতা শারিফুল ইসলাম, মাসুদ রানা, জিন্নাহুর রহমান রাকিব ও আল আমিনসহ ৯টি ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




