
বগুড়ার শাজাহানপুর উপজেলায় ১০০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পারতেখুর এলাকায় কৃষি কলেজের সামনে বগুড়া-নাটোর মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, নোয়াখালী সদর উপজেলার পশ্চিম মাইজচরা এলাকার মো. শহিদের ছেলে মো. রুবেল (২৯) এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকার মৃত ওহীদের ছেলে সাইদুল ইসলাম (২২)।
ডিবি পুলিশ জানায়, এসআই শামীমের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং দুজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।




