
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ৬২ হাজার নিমগাছের চারা ও বিশুদ্ধ পানি পানের মগ বিতরণের উদ্যোগ নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে মোকামতলা হাইস্কুল মাঠে এবং বেলা ১১টায় শিবগঞ্জ হাইস্কুল মাঠে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এদিন দুই উপজেলার পাঁচ হাজার শিক্ষার্থীর হাতে একটি করে নিমগাছের চারা ও পানির মগ তুলে দেওয়া হয়। আগামী রোববারের মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বাকি ৫৭ হাজার চারা ও মগ পৌঁছে দেওয়ার কথা রয়েছে।
পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকেরা।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে শিক্ষার্থীদের হাতে একটি করে গাছের চারা ও বিশুদ্ধ পানি পানের মগ তুলে দেওয়া হয়েছে। প্রত্যেককে বাড়িতে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু চারা গ্রহণ করলেই হবে না, সেটির যত্ন নিয়ে বড় করার দায়িত্বও নিতে হবে। পরিবেশ রক্ষা ও সুন্দর সমাজ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ও সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন। তারা সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের মতো আচরণের পরিচয় দিচ্ছে। সরকার এখনো সহনশীলতা দেখাচ্ছে। এটিকে দুর্বলতা ভাবার সুযোগ নেই। দেশের মানুষকে নিরাপদ রাখতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সহিংসতা ও নাশকতায় জড়িতদের জায়গা হবে কারাগারে।
তিনি আরও বলেন, কোনো পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে পুনরুত্থান হতে দেওয়া হবে না। এ বিষয়ে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের মানুষ সহিংসতা নয়, শান্তি ও উন্নয়ন চায়।
গোপালগঞ্জের সহিংসতার ঘটনা উল্লেখ করে মীর শাহে আলম বলেন, সেখানে দুটি থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং তিনজন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ট্রাকে আগুন দিয়ে চালককে হত্যার ঘটনাও ঘটেছে। এ ধরনের সহিংসতা করে জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকারকে হটানো যাবে না। দেশের মানুষের শান্তি ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে সরকার কাজ করবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে গণমানুষের নেতা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী নানা পরিকল্পনা গ্রহণ করছেন। দেশের ক্রান্তিলগ্নে জিয়া পরিবার সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে। দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, সারা বছর তরুণদের খেলাধুলায় যুক্ত রাখতে প্রতিটি উপজেলায় ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করা জরুরি।
মোকামতলাসহ নতুন তিনটি পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল মাস্টারপ্ল্যানের মাধ্যমে এসব পৌরসভাকে পরিকল্পিতভাবে সাজানো হবে। নাগরিক সুবিধা, উন্নত যোগাযোগব্যবস্থা, পানি নিষ্কাশন ও আধুনিক নগরসেবা নিশ্চিত করতে উন্নয়ন কার্যক্রম নেওয়া হবে।
তিনি জানান, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার মোকামতলা হাইস্কুল মাঠে আসবেন। সেখানে মোকামতলা উপজেলা, থানা ও পৌরসভার উদ্বোধন করবেন। একই সফরে মোকামতলা-কালাই-জয়পুরহাট ও হিলি ছয় লেন সড়কের নির্মাণকাজও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।




