
বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঢাকা থেকে পঞ্চগড়গামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩৩৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১২।
বুধবার রাত আনুমানিক ২টার দিকে উপজেলার নিউ সৌখিন হাইওয়ে রেস্টুরেন্টের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন রংপুর জেলার কোতোয়ালী থানার কলেজ রোড লালবাগ কেডিসি এলাকার মো. রুমন মিয়া (৪২) এবং তাজহাট থানার আলহাজ্বনগর এলাকার মো. আব্দুল কাদের (২৩)।
র্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ঢাকা থেকে পঞ্চগড়গামী একটি যাত্রীবাহী বাসে করে বিপুল পরিমাণ হেরোইন বহন করা হচ্ছে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় বাসটি শনাক্ত করে চেকপোস্টে থামানো হয়। এ সময় যাত্রীদের নামিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তির দেহ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩৩৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
অভিযানকালে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত দুটি বাটন মোবাইল ফোন, দুটি সিম কার্ড এবং নগদ ১ হাজার ৩৪৫ টাকা জব্দ করা হয়।
র্যাবের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত। উদ্ধারকৃত আলামতসহ তাদের শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকের বিরুদ্ধে র্যাবের চলমান অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।




