
জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হওয়ায় তারেক রহমান-এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ পরিচালনায় সাফল্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি ’২৬) বিকেলে বগুড়া সদর উপজেলা বিএনপির আয়োজনে শহীদ টিটু মিলনায়তনে এ কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ সদর আসনের নির্বাচনী প্রধান সমন্বয়কারী রেজাউল করিম বাদশা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন ও আতিকুর রহমান আতিক।
বক্তারা বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে বাংলাদেশ নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। তারেক রহমানের নেতৃত্বে দেশ একটি গণতান্ত্রিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থার দিকে এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। দেশের অর্থনীতি পুনর্গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও উল্লেখ করা হয়।
দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। একই সঙ্গে খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনা এবং দলের নেতাকর্মীদের নিরাপত্তা ও সাফল্যের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া শেষে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।




