১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ধুনটে কর্মকর্তার সামনে ডিলারশিপ প্রার্থীর ওপর হামলা, তদন্ত স্থগিত

spot_img

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপের আবেদনপত্র সরেজমিন তদন্তের সময় তদন্তকারী কর্মকর্তাদের সামনেই এক আবেদনকারীর ওপর হামলার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মাহমুদ আলম (৩৬) নামে এক আবেদনকারী আহত হয়েছেন। তিনি উপজেলার হাসাপোটল গ্রামের আবু তালেবের ছেলে। হামলার ঘটনায় বুধবার থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী পয়েন্টে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের জন্য পাঁচজন আবেদন করেছেন। তাঁদের মধ্যে মাহমুদ আলমও রয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলা খাদ্য পরিদর্শক তরিকুল ইসলাম ও উপ-খাদ্য পরিদর্শক কামরুজ্জামান আবেদনকারীদের কাগজপত্র ও সংশ্লিষ্ট বিষয় সরেজমিনে তদন্ত করতে বিলচাপড়ী পয়েন্টে যান।
তদন্ত চলাকালে পূর্ববিরোধের জের ধরে বিলচাপড়ী গ্রামের ওয়ারেছ ও সাজেদ মাহমুদ আলমের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি আহত হন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তদন্ত কার্যক্রম স্থগিত করে কর্মকর্তারা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে আহত মাহমুদ আলমকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় সাজেদ আলী ও ওয়ারেছ আলীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন মাহমুদ আলম।
অভিযোগের বিষয়ে সাজেদ আলী বলেন, গুদামঘরের ভুয়া চুক্তিপত্র নিয়ে ঘরের মালিকের সঙ্গে মাহমুদ আলমের কথা-কাটাকাটি হয়। তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় মাহমুদ আলমের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

ধুনট উপজেলা খাদ্য পরিদর্শক তরিকুল ইসলাম বলেন, তদন্ত চলাকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় তদন্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ