২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ জনের

spot_img

বগুড়ায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

জেলার কাহালু ও নন্দীগ্রাম উপজেলায় বুধবার ভোররাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে বাসের সুপারভাইজার, ট্রাকের হেলপার ও এক শ্রমিক রয়েছেন।

কাহালু থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব এই তথ্য নিশ্চিত করেছেন।

সবশেষ দুর্ঘটনাটি ঘটে বুধবার রাত পৌনে ৩টার দিকে কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের পাগলা পীর মাজারসংলগ্ন বউবাজার এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে।

পুলিশ জানায়, চাকা পাংচার হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে দুইজন নিহত হন।

নিহত ব্যক্তিরা হলেন নওগাঁর বদলগাছি উপজেলার কোমারপুর গ্রামের শ্রী জিতেন্দ্র নাথ মণ্ডলের ছেলে উত্তম মণ্ডল (৩০) এবং বগুড়ার আদমদীঘি উপজেলার মালশুন গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে হৃদয় (৩০)। উত্তম হানিফ পরিবহনের ওই বাসের সুপারভাইজার এবং হৃদয় ট্রাকটির সহকারী (হেলপার) ছিলেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী হানিফ পরিবহনের বাসটি বউবাজার এলাকায় চাকা পাংচার হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক বাসটিকে ধাক্কা দিলে দুটি যানবাহনই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসের সুপারভাইজার ও ট্রাকের হেলপারসহ কয়েকজন গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সোয়া ৪টার দিকে উত্তম মণ্ডল এবং সকাল সোয়া ৮টার দিকে হৃদয়ের মৃত্যু হয়। আহত আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে কাহালু উপজেলার ভ্যাপরা এলাকায় নিউ হোপ ফিড মিলের সামনে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মো. রবিউল আউয়াল ওরফে জিয়া (৪২) নামের এক শ্রমিক নিহত হন। তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার তরত বাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, কাজ শেষে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহন তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

অন্যদিকে বুধবার সকাল সোয়া ৬টার দিকে নন্দীগ্রাম উপজেলার ফোকপাল রাস্তার মাথায় বগুড়া-নাটোর মহাসড়কে বালুভর্তি দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. ইনজামাম (২০) নামের এক ট্রাকের সহকারী নিহত হন। তিনি ঝিনাইদহ সদর উপজেলার খড়াশনি গ্রামের ইজ্জত আলীর ছেলে। এ ঘটনায় ট্রাকচালক মো. শামীম শেখ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কাহালু থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব জানান, পৃথক দুর্ঘটনাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে সড়কগুলোতে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ