
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বগুড়ার শাজাহানপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ মহড়া অনুষ্ঠিত হয়। দুর্যোগ পরিস্থিতিতে দ্রুত উদ্ধার তৎপরতা এবং করণীয় সম্পর্কে বাস্তব ধারণা দিতে এ আয়োজন করা হয়।
মহড়ায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামানের সার্বিক ব্যবস্থাপনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুন ফেরদৌসী উর্মি, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনা খাতুন, শাজাহানপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার মো. আরিফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল লতিফ, সহকারী শিক্ষা কর্মকর্তা পরিতোষ চন্দ্র সরকার ও আব্দুল ওহেদ, বিআরডিবি কর্মকর্তা আব্দুল ওহেদ এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফিরোজ আহম্মেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা।
মহড়ায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়া, আহতদের উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসা দেওয়ার বিভিন্ন কৌশল বাস্তব অনুশীলনের মাধ্যমে প্রদর্শন করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে দ্রুত সঠিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে জনগণকে সচেতন করতেই এ ধরনের মহড়ার আয়োজন করা হয়।




