
বগুড়ার শাজাহানপুর উপজেলায় পৃথক দুটি স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক হোটেল মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং এক মাদকসেবীকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার নয়মাইল ও ভান্ডারপাইকা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উমী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নয়মাইল এলাকার সিলামনি হোটেলে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারা লঙ্ঘনের দায়ে আল আমিন নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ মামলায় প্রসিকিউশন প্রদান করেন শাজাহানপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. ফারুক হোসেন।
এরপর ভান্ডারপাইকা এলাকায় অভিযান পরিচালনার সময় মাদকদ্রব্য সেবন করে জনশৃঙ্খলা ও জনসাধারণের শান্তি বিঘ্নিত করার দায়ে আফসান জামিল রনি নামে এক ব্যক্তিকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। এ মামলায় প্রসিকিউশন প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া-ক-এর উপপরিদর্শক মো. তাহিদুল আলম।
শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি জানান, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ, মাদক নিয়ন্ত্রণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




