
ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলার ঐতিহ্যবাহী হিজুলী সাগাটিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট আইনজীবী, সমাজসেবক ও জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ।
জানা গেছে, গত ৬ জুলাই বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ স্বাক্ষরিত পত্রের মাধ্যমে তাঁর সভাপতি নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পর বিদ্যালয়ের এডহক কমিটি গঠন করা হয়েছে।
অলোয়া গ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ দীর্ঘদিন ধরে আইন পেশার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। তিনি বর্তমানে ঢাকা ট্যাক্সেস বারের একজন আইনজীবী ও কর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি একাধিক আইনবিষয়ক গ্রন্থের সংকলনকারী হিসেবেও পরিচিত।
সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ বলেন, আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে পালন করব। শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাব। এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এদিকে, তাঁর সভাপতি নির্বাচিত হওয়ার খবরে শিক্ষক, শিক্ষানুরাগী, সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদের নেতৃত্বে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে নতুন মাত্রা যোগ হবে।




