
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়ার সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনাকে নিয়ে তার মেয়ের একটি আবেগঘন ফেসবুক স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
স্ট্যাটাসে তিনি দাবি করেন, দীর্ঘদিন রাজনীতি করতে গিয়ে তার বাবা দল ও আন্দোলনের পেছনে ব্যক্তিগত সম্পদ পর্যন্ত ব্যয় করেছেন। এমনকি পরিবারের আর্থিক কষ্টের মধ্যেও দলীয় কর্মকাণ্ড চালিয়ে গেছেন।
তিনি উল্লেখ করেন, ৯০-এর দশকের রাজনৈতিক অস্থিরতার সময় তার বাবা বগুড়ায় সক্রিয় রাজনীতি করেছেন এবং বিভিন্ন সময় জেল-জুলুমও সহ্য করেছেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময়েও তিনি বিপুল ভোটে দুইবার বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, দলের ভেতরের কিছু নেতার ষড়যন্ত্র ও অপপ্রচারের কারণে তার বাবাকে বারবার বিতর্কের মুখে পড়তে হয়েছে। সম্প্রতি একটি রাজনৈতিক অনুষ্ঠানে তার বাবাকে অপমান করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
এ ঘটনায় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর কাছে বিচার দাবি করেন। একই সঙ্গে তার বাবাকে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পদ থেকে সম্মানজনক অব্যাহতি দেওয়ার আহ্বান জানান।
ফেসবুকের ওই পোস্টটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং এ নিয়ে নানা মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।




