
ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে সাত বছর বয়সী এক শিশুনাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মিলন হোসেন (৫৫) নামে এক মুদি দোকানিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী তাঁর দোকানঘরে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে দোকানঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে মিলন হোসেনকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মিলন ওই গ্রামের ওসমান গনির ছেলে। তিনি সম্পর্কে শিশুটির প্রতিবেশী দাদা।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে মিলনের পরিবারের সদস্যরা প্রায় ২২ বছর ধরে ঢাকায় বসবাস করছেন। তিন বছর আগে গ্রামের বাড়ির পাশে একটি মুদি দোকান চালু করেন মিলন। এরপর থেকে তিনি বাড়িতে একাই থাকতেন।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিবেশী শিশুটি তাঁর দোকানে চিপস কিনতে যায়। এ সময় কৌশলে শিশুটিকে দোকানঘরের ভেতরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে মিলনের বিরুদ্ধে। একপর্যায়ে শিশুটি তাঁর হাতে কামড় দিয়ে নিজেকে রক্ষা করে দোকান থেকে বেরিয়ে আসে।
পরে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানায় শিশুটি। বিষয়টি জানাজানি হলে সন্ধ্যায় শিশুটির স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মিলনকে মারধর করে আটক করেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ সময় বিক্ষুব্ধ লোকজন তাঁর দোকানঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এতে দোকানঘরটি পুড়ে যায়।
এ ঘটনায় রাতে শিশুটির বাবা বাদী হয়ে মিলন হোসেনের বিরুদ্ধে ধুনট থানায় মামলা করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করেছে। ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত মিলন হোসেনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




